কুষ্টিয়া সীমান্তে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার
কুষ্টিয়া,সোমবার ২৮ সেপ্টেম্বর:
কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি কলা বাগান থেকে একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক জব্দমূল্য ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন