• 02:06:17 PM | Thursday, June 18, 2026
Bongosoft Ltd.

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
ছবি: কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
Share:

কুষ্টিয়ার ভেড়ামারায় ইজারার শর্ত লঙ্ঘন করে প্রাকৃতিক লেক ভরাট করে ব্যক্তিমালিকানায় আনন্দ-বিনোদন পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা জিকে কলোনি সংলগ্ন ও রেস্ট হাউসের পেছনে অবস্থিত ব্রিটিশ আমলের এই প্রাকৃতিক লেকটির সামনের বৃহৎ অংশ বালু দিয়ে ভরাট করে তড়িঘড়ি পার্ক নির্মাণের কাজ চলছে। 
শুধু মাছ চাষের জন্য লেকটির ইজারা নেওয়া হলেও গ্রহীতা ইজারার শর্ত মানছেন না। ফলে পরিবেশ-প্রতিবেশ বিনষ্ট ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে বাণিজ্যিক উদ্দেশ্যে পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে ইজারাগ্রহীতার বিরুদ্ধে।

এদিকে দিনের আলোতেই বালু ভরাটসহ তড়িঘড়ি পার্কের বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু হলেও কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে।
সরেজমিনে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৪৯ দশমিক ৬৯ একর আয়তনের লেক/জলাশয়টিতে সারা বছর পানি প্রবাহমান থাকে এবং এটি দেশীয় মাছের একটি অভয়ারণ্য। 

প্রাকৃতিক এই জলাশয়টি ৫৫ লাখ টাকা চুক্তিমূল্যে চলতি বছরের ১ এপ্রিল থেকে তিন বছরের জন্য জনৈকা সালেহা খাতুনকে শুধুমাত্র মাছ চাষের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে ইজারা দেওয়া হয়। কিন্তু শর্ত উপেক্ষা করে লেকের সামনের বড় একটি অংশ বালু দিয়ে ভরাট করে আনন্দ-বিনোদন পার্ক নির্মাণ শুরু করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সালেহা খাতুনের নামে ইজারা দেওয়া হলেও এর নেপথ্যে রয়েছেন এক ধনী ব্যবসায়ী, যিনি অর্থায়ন ও প্রত্যক্ষ মদত দিচ্ছেন। 

এতে পরিবেশ-প্রতিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওদাপাড়া-ফারাকপুর এলাকার পানি নিষ্কাশনের খালও সংকুচিত হয়ে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

শুধু মাছ চাষের জন্যই লেকটি তিন বছরের মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্ত লঙ্ঘন করে পার্ক নির্মাণ কিংবা লেকের বৈশিষ্ট্য পরিবর্তন সম্পূর্ণ বেআইনি। 
সম্প্রতি লেকের ভরাট করা অংশে বিনোদনের জন্য বেশ কিছু রাইড, পানির ফোয়ারা ও সুইমিং পুল স্থাপনের কাজ পুরোদমে চলছে।

এ ছাড়া বাঁধ নির্মাণ করে লেকটিকে খণ্ড খণ্ড ভাগ করা, খেয়ালখুশিমতো খনন করা এবং পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে প্রমোদভ্রমণ ও আনন্দ-বিনোদনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে। 

লেকটিতে স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ কিংবা এর প্রাকৃতিক অবস্থার পরিবর্তন ইজারার শর্তাবলীর সুস্পষ্ট লঙ্ঘন।
ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের কৃষক আব্দুল আজিজ জানান, জিকে কলোনির পেছনের প্রাকৃতিক লেকটি ভরাট করে পার্ক স্থাপন করা হলে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। বৃহৎ এই লেকটি রক্ষায় তিনি সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত জানান, লেক ভরাট করে পার্ক স্থাপনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম জানান, শুধুমাত্র মাছ চাষের জন্যই লেকটি তিন বছরের মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। 

ইজারার শর্ত লঙ্ঘন করে পার্ক নির্মাণ কিংবা লেকের পরিবর্তন আনা সম্পূর্ণ বেআইনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারা বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।