• 06:16:19 PM | Sunday, March 15, 2026
Bongosoft Ltd.

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ছবির ক্যাপশন: বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
ছবি: বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
Share:

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় শুকুর আলী নামের স্থানীয় এক চায়ের দোকানি গুলিবিদ্ধ হন।

শনিবার (৭মার্চ) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন ওই অফিস লক্ষ্য করে এ ঘটনা ঘটে। জানা যায়, দুর্বৃত্তরা ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে শফিকুল ইসলাম ডাবলুর অফিস সামনে গিয়ে তাকে গালাগাল করতে থাকেন। তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বলকে খুঁজতে থাকেন। একপর্যায়ে অফিসটি লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় অফিসের পাশের চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। অন্য পাশের একটি দোকানের কিছু অ্যাকুরিয়াম ভেঙে যায়।

ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ওই অফিসেই অবস্থান করছিলেন। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সারাদিন বালুর ঘাটের পরিস্থিতি নিয়ে পরিবেশ উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির এক পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এসময় একটি পেলুটারসহ বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শুকুর আলী বলেন, ‘হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায়।’

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুড়েছে। অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণির ঠিকাদার। শত্রুতাবশত কেউ এমন কাজ করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।