কুষ্টিয়ার মিরপুরে মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নয়মাইল কাসারিপাড়া এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সুমন ও বারোমাইল এলাকার মাহাবুল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে পেয়ারা ব্যবসায়ীর একটি গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি সেটির গতিরোধ করেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন তাঁরা।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের প্রতিরোধ করেন। এ সময় ছিনতাইয়ের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দুজনকে ধরে গণধোলাই দেওয়া হয়।
পরে তাঁদের মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন