• 01:50:25 PM | Thursday, June 18, 2026
Bongosoft Ltd.

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
ছবির ক্যাপশন: গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪
ছবি: গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪
Share:

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণের সময় দুর্বৃত্ত‌দের ছোড়া গু‌লি‌তে চার শ্রমিক আহত হ‌য়ে‌ছেন।

রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে জুগিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহতরা হলেন— ডাম্পট্রাক চালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০), ম‌্যা‌নেজার মিলন(৩৫) ও ভেকুচাল‌ক বাবলা (৪০)।

আহত‌দের কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে সবুজ‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য রাজশাহী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান ব‌লেন, রা‌তে আহত চারজন হাসপাতা‌লে এসে‌ছি‌লেন। এদের ম‌ধ্যে ফি‌রোজ ও সবুজ না‌মে দুইজন গু‌লি‌বিদ্ধ‌ ছি‌লেন। সবুজ‌কে রাজশাহীতে রেফার করা হ‌য়ে‌ছে। বা‌কি তিনজ‌নের চি‌কিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন গু‌লি‌বিদ্ধ ডাম্পট্রাক চালক ফিরোজ ব‌লেন,‘রা‌তে জু‌গিয়া এলাকায় পৌর বিএন‌পির সভাপ‌তি একে বিশ্বাস বাবুর ইজারা নেওয়া বালু অপসার‌ণের কাজ কর‌ছিলাম। হঠাৎ করেই ১০ থে‌কে ১৫ জ‌ন আগ্নেয়াস্ত্র নি‌য়ে এসে আমাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আমার পা‌য়ে অস্ত্র ঠেকিয়ে ৬ রাউন্ড গুলি ক‌রে। এরপর সবুজ‌কেও গু‌লি ক‌রে।’

এছাড়া ঘা‌টের ম‌্যা‌নেজার মিলন, ভেকু চালক বাবলাসহ আরও ক‌য়েকজন‌কে পি‌টি‌য়ে আহত ক‌রে। যারা হামলা করেছে, তারা অত্যন্ত নৃশংস ছিল। ঘটনার সময় দুর্বৃত্তরা প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদ ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় স্তূপাকার বালু অপসারণের লিজ পেয়েছিলেন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান‘মেহেদী এন্টারপ্রাইজ’। এই বালু অপসার‌ণের ইজারা দখল নি‌য়ে ক‌য়েক দফায় সংঘ‌র্ষের ঘটনাও ঘ‌টে। পরবর্তীতে লিজটি কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবুর কাছে হস্তান্তর করা হয়। বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

পা‌নি উন্নয়ন বোর্ড সূ‌ত্রে জানা গে‌ছে, ৪ কো‌টি ৭৪ লাখ টাকায় গড়াই নদ ড্রেজিংকৃত বালু অপসার‌ণের ইজারা পায় মে‌হেদী এন্টারপ্রা‌ইজ। গত বছ‌রের ২৫ মে অপসার‌ণের মেয়াদ শেষ হয়।

এরপর পুনরায় সময় বাড়া‌নোর আবেদন ক‌রেন ঠিকাদা‌রি প্রতিষ্ঠান‌টি। পরবর্তী‌তে হাইকো‌র্টের আদেশে মেয়াদ বা‌ড়ি‌য়ে পুনরায় বালু অপসার‌ণ শুরু ক‌রেছে।

এ বিষ‌য়ে কু‌ষ্টিয়া পৌর বিএন‌পির সভাপ‌তি একে বিশ্বাস বাবু ঘটনার সত‌্যতা জা‌নি‌য়ে ব‌লেন, আগের ইজারাদা‌রের কাছ থে‌কে আমরা কাজ‌টি কি‌নে নি‌য়ে‌ছি। রা‌তে বালু অপসার‌ণের সময় দুর্বৃত্তরা শ্রমিক‌দের লক্ষ‌্য ক‌রে গু‌লি ক‌রে‌ছে। গুলি‌বিদ্ধসহ আহত হ‌য়ে‌ছেন তারা। এ বিষ‌য়ে পু‌লিশ তদন্ত করছে।

মুঠো‌ফো‌নে জান‌তে চাইলে কুষ্টিয়া পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী রা‌শিদুর রহমান দপ্ত‌রে এসে কথা বল‌তে ব‌লেন।

কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, এখনও কোনো লি‌খিত অভি‌যোগ পাইনি। ঘটনা‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে।