
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবীব (৬০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এহসান হাবীব দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন এহসান হাবীব।
আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে একটি পাখিভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি টলির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।