প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কায় নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর রাকিবুজ্জামান রকি (৩০) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর-কুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান লাশ উদ্ধোরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিং ব্রিজের পিলারের ধাক্কায় ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকিসহ ৩ জন নিখোঁজ হন।
পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও রকি ছিল নিখোঁজ। ওই রাতেই উদ্ধার অভিযান শুরু করে ভেড়ামারা উপজেলা প্রশাসন।
জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিল।
মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নাম্বার পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পড়ে যায়। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিল।
নিখোঁজে পর থেকেই ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে নিখোঁজ রকিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Satto Khobor